হাফিজুর রহমান খান,

কক্সবাজারের রামু উপজেলার হিমছড়িতে পর্যটকবাহী একটি গাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. আলিফ প্রকাশ আকাশ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ-হিমছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আলিফ কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর বড়ছড়া এলাকার বাসিন্দা। তিনি জাবেদ হোসেন ও হোসনে আরা বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হিমছড়ি বন বিভাগের পশ্চিম পাশে সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ম-৫১-৬৬১৮ নম্বরের গাড়িটির ভেতর থেকে একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগটি খুলে স্কচটেপ ও কাগজে মোড়ানো চারটি বড় প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ভেতরে ছিল পাঁচটি করে বান্ডেল। প্রতিটি বান্ডেলে ছিল ১০টি নীল রঙের জিপারলক পলি প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা।

এ হিসাবে চারটি বড় প্যাকেটে মোট ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার প্যাকেটসহ মোট ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। এ ছাড়া তার কাছ থেকে XANON X21 মডেলের একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো লালচে বর্ণের অ্যামফিটামিনযুক্ত ট্যাবলেট।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার আলিফ হোসেন প্রকাশ আকাশের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নং ১০(গ) অনুযায়ী মামলা করেছেন।

ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।