হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার পর পুলিশ সদস্যরা তাকে হেলমেট পরানোর চেষ্টা করলে তিনি তা জোর করে খুলে ছুড়ে ফেলেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশে ক্ষুব্ধ কণ্ঠে চিৎকার করে তিনি বলেন, আরে আমি হেলমেট পরব না, আপনি জানিয়ে দেন! আমাকে অন্যায়ভাবে, অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না! আমি হেলমেট পরব না!
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, দরকার হলে এখানে আমি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করব, কিন্তু আমি হেলমেট পরব না, পরব না, পরব না! তার দাবি, বর্তমানে হেলমেট পরা আওয়ামী লীগের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে জোর করে হেলমেট পরানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হেলমেটের বদলে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, হাতকড়া পরান, হাতকড়া পরান... ১০০ বার হাতকড়া পরান!
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৩৮) বিপুলসংখ্যক যাত্রী ঢাকায় পৌঁছান। যাত্রীর চাপ বেশি থাকায় লাগেজ পেতে বিলম্ব হয়। একই সময়ে ট্রলি সংকট দেখা দিলে কয়েকজন যাত্রীর মধ্যে অসন্তোষ তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে তাকে লক্ষ্য করে আখতারুজ্জামান অশালীন ভাষায় কথা বলেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান ওই নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় উল্লেখ রয়েছে।
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান।
















