জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এজন্য যা যা করা প্রয়োজন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাবো।’
রবিবার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। সহজভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে আকস্মিক ঝটিকা সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম দীনকে তাৎক্ষণিক বদলি করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন।







