রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মুহাম্মাদ মাহবুবে এলাহি (সানী)।

মঙ্গলবার(২৮ জুলাই) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্বগ্রহণ করেন। এর আগে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ আঃ কুদ্দূস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদয়ন করা হয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২২তম ব্যাচের এ কর্মকর্তা লক্ষ্মীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

অধ্যক্ষ মাহবুবে এলাহির যোগদান উপলক্ষ্যে কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাকসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ মোছাঃ জেছমিন আক্তার নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এসময় কলেজের সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দীন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোজাহারুল হক ও গ্রন্থাগারিক সাজ্জাদুর রহমানসহ হাজিরহাট উপকূল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মাদ মাহবুবে এলাহি (সানী) বলেন, ন্যায়নিষ্ঠার মধ্যে দিয়ে সরকারি এ দায়িত্ব পালনের মাধ্যমে আমি হাজিরহাট উপকূল সরকারি কলেজকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সদ্য সরকারিকৃত এ কলেজকে একটি আদর্শ কলেজে রূপান্তর করা আমার স্বপ্ন।| আর এজন্যে আমি কলেজ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কমনা করছি।

এসময় কলেজের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।