মাফিকুল ইসলাম
দিনাজপুর সদর উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন এবং গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি উপকারভোগীদের হাতে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও ঘরের বরাদ্দপত্র তুলে দেন।
বক্তব্যে সংসদ সদস্য বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে ১৭৪ জন শিক্ষার্থীকে মোট ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের ৮৯ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৩ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থী রয়েছে।
এ ছাড়া ২৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং পাঁচটি গৃহহীন পরিবারের মধ্যে নতুন ঘর বিতরণ করা হয়েছে।






