মোঃ মাফিকুল ইসলাম
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. শামীম রেজা।
এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মাদক প্রতিরোধ, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শামীম রেজা বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আপনারা পাশে থাকলে ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।”
তার পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সামাজিক সচেতনতা বাড়ানো এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। এ কাজে দল-মত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
তিনি বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়। মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, মৌলিক অধিকার এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাও উন্নয়নের অংশ। তাই এলাকার উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিতে চান তিনি।
শামীম রেজার ভাষ্য, “সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের অধিকার বাস্তবায়ন এবং বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলাই আমার আগামীর ভাবনার অন্যতম লক্ষ্য।”
স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি। তার মতে, এলাকার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।















