মাফিকুল ইসলাম

রংপুরের বদরগঞ্জে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তদন্ত করতে গিয়ে এর সূত্র মিলেছে দিনাজপুরের পার্বতীপুরে। আটক তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের একটি ভাঙারি গোডাউনে অভিযান চালিয়ে ১১৪ কেজি বৈদ্যুতিক তার জব্দ করেছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জের একটি চীনা প্রতিষ্ঠানের প্রায় এক কিলোমিটার বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ১ আগস্ট বদরগঞ্জ থানায় মামলা হয়। তদন্তের একপর্যায়ে মোখলেছার, জামাল ও হৃদয় নামে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য যাচাই করতে পার্বতীপুর শহরের মেঘনা ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ১১৪ কেজি বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল জব্দ করে ডিবি।

অভিযান চলাকালে হৃদয় নামে আটক এক ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে। পরে ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী বলেন, চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে আটক তিনজন এবং মেঘনা ট্রেডার্সের মালিক মাসুদ পারভেজ ওরফে ‘ভাঙারি মাসুদকে’ মামলায় আসামি করা হয়েছে।

তবে জব্দ করা মালামালের প্রকৃত মালিকানা ও সেগুলো চুরি করা তার কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।