‎মোঃ আসিফ ইসলাম সাইফ

‎“শিক্ষার আলোয় আলোকিত হোক সকল শিশুর জীবন”

‎“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর উদ্যোগে উপজেলা মডেল মসজিদের পার্কিং গ্রাউন্ডে এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ।

‎এছাড়াও বৃহত্তর মুসলিম ব্লকের ১৮টি সমাজের সমাজ প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা বলেন, বৃহত্তর মুসলিম ব্লক এলাকাকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

‎বক্তারা আরও বলেন, তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।

‎এ সময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বক্তারা বলেন, “হয় মাদক ছাড়ো, নয়তো এলাকা ছাড়ো।” মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে বৃহত্তর মুসলিম ব্লকের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।