দলের নীতি ও আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের সব পদ থেকে পদত্যাগ করেছেন মাহমুদুল হাসান সাগর। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
মাহমুদুল হাসান সাগর পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক এবং ঝালকাঠি জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, "আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে গণঅধিকার পরিষদের সমস্ত পদ থেকে পদত্যাগ করছি। অনেক বেশি হতাশা নিয়ে দলটা ছাড়ছি। এই কথাগুলো লিখতে আমার অনেক কষ্ট হচ্ছে। তিল তিল করে ঝালকাঠিতে এই দলটাকে দাঁড় করিয়েছি।"
তিনি আরও আবেগঘন ভাষায় জানান, এই মুহূর্তে তার মনে হচ্ছে পুরো আকাশ যেন মাথার ওপর ভেঙে পড়েছে। তবে নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করা তার পক্ষে সম্ভব নয়। তার কাছে রাজনীতির প্রকৃত অর্থ হলো নিঃস্বার্থভাবে জনগণের সেবা করা, এর ব্যতিক্রম কিছু নয়। পদত্যাগের কারণ হিসেবে মাহমুদুল হাসান সাগর স্পষ্টভাবে জানান, দল যখন নিজস্ব নীতি ও আদর্শের সঙ্গে অটল থাকে না, তখন সেখানে অবস্থান করা কঠিন হয়ে পড়ে। নীতির প্রশ্নে কোনো ধরনের আপস করে তিনি রাজনীতি করতে ইচ্ছুক নন।
এদিকে, মাহমুদুল হাসান সাগরের এই আকস্মিক পদত্যাগের বিষয়ে গণঅধিকার পরিষদের জেলা বা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

















