মোঃ রবিউল ইসলাম মিনাল
রাজশাহীর গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর ও হুমকি, জিডি দায়ের
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পথরোধ করে এক যুবককে নির্মমভাবে মারধর, মোবাইল ফোন ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ কালু (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই অমানবিক ঘটনায় ভুক্তভোগী মোঃ খাইরুল ইসলাম (৩৪) গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। দায়েরকৃত জিডির ট্র্যাকিং নম্বর PT54G1 এবং জিডি নম্বর ২২ (তারিখ: ০১/০৮/২০২৬)।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ খাইরুল ইসলাম (পিতা: মোঃ এন্তাজ আলী) মাদারপুর এলাকা থেকে পায়ে হেঁটে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। রাত ১০টার কাছাকাছি সময়ে তিনি যখন গোদাগাড়ী খাদ্য গোডাউনের সামনের পাকা রাস্তায় পৌঁছান, তখন মাদারপুর এলাকার মোঃ কালু (পিতা: মোঃ হেনা) আচমকাই তাঁর পথরোধ করেন এবং কোনো কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
ভুক্তভোগী খাইরুল ইসলাম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী কালু উত্তেজিত হয়ে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর পাশেই থাকা একটি সিমেন্টের পিলার ব্যবহার করে খাইরুলের কপাল ও হাতের কব্জিতে প্রচণ্ড আঘাত করেন। এই পাশবিক আক্রমণে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন এবং তাঁর শরীর বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।
জিডিতে খাইরুল ইসলাম আরও উল্লেখ করেন যে, মারধরের একপর্যায়ে অভিযুক্ত কালু তাঁর পকেটে থাকা আনুমানিক ৫২ হাজার টাকা মূল্যের একটি গ্যালাক্সি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন। এছাড়া ধস্তাধস্তির সময় তাঁর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১২ হাজার টাকা) এবং ৫ আনা ওজনের দুটি আংটি (যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা) ঘটনাস্থলে পড়ে হারিয়ে যায়।
ভুক্তভোগীর আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দা মোঃ শিশির ও মোঃ জসিমসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের উপস্থিতিতে অভিযুক্ত কালু ভুক্তভোগীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ রাকিবুর হাসান রকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।







