আন্তর্জাতিক বাজারে ফের দাম কমেছে স্বর্ণের। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্বর্ণের দাম ০.৮ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৩ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,০৪২.২৯ ডলারে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ০.৮ শতাংশ কমে ৪,০৪২.৮০ ডলারে নেমে এসেছে।

মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় থাকায় এই দরপতন হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থানও মূল্যবান এই ধাতুর দামের ওপর চাপ সৃষ্টি করেছে। ফেডের দুই দিনব্যাপী বৈঠক শেষে ঘোষিত সিদ্ধান্ত থেকে সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশনা পাওয়ার প্রত্যাশায় বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থান নিয়েছেন।

সাধারণত ডলারের মান বৃদ্ধি পেলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যার ফলে এর চাহিদা ও দাম উভয়েরই নিম্নমুখী প্রবণতা দেখা দেয়।