গ্যাসের দাম বৃদ্ধি করলে পেট্রোবাংলা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের ব্যবধানে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে, যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এমনকি গ্যাস সরবরাহ না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে গ্রাহকদের, যা অত্যন্ত অন্যায় ও অযৌক্তিক।

শুক্রবার (৩১ জুলাই) আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আহত আলিফের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল (শনিবার) বোর্ড মিটিংয়ের পর চিকিৎসকরা আলিফের স্বাস্থ্যের ব্যাপারে বিস্তারিত জানাবেন।’

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির প্রতি তীব্র অভিযোগের আঙুল তুলেছেন দলটির আহ্বায়ক। তিনি বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার যেন বার্তা দিল যে, ছাত্রদল ও যুবদল চাইলে যে কাউকে মারতে পারে এবং তার কোনো প্রতিবাদ হয় না। স্থানীয় এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র স্পষ্টভাবে বোঝা যায়।’

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বর্তমানে চারদিকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্বের রাজত্ব চলছে। তিনি দাবি করেন, সরকার ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে ওই প্রতিষ্ঠানগুলো কোনগুলো তা জানা যায়নি। এনসিপি আহ্বায়ক সতর্ক করে বলেন, ‘সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। জনগণ যাতে প্রস্তুত হয়; সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নেব না।’ এ সময় তারেক রহমানের সমালোচনা করে নাহিদ বলেন, ‘তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।’