ফ্যাসিবাদকে আর কখনোই ফিরে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর এক অনুষ্ঠানে মোবাশ্বের হাসানের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শিবলী বলেন, ‘রাজনীতিতে এখন গুণগত পরিবর্তন শুরু হয়েছে। আমাদের বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’ তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল, তবে এর অর্থ এই নয় যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিবাদী শক্তিকে আবারও সুযোগ দেবে।
গত ১৫ বছরের গুম-খুন ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এখন দেশ গঠনের সময়। গালিগালাজ আর রাজনীতি এক নয়, কিন্তু মনে হচ্ছে আমরা গালিগালাজকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি।’ তিনি আরও বলেন, গত ১৫ বছরের দুঃসহ সময়ে তারেক রহমান নিজেও চরম কষ্টের মধ্য দিয়ে গেছেন। এখন তিনি দেশের হাল ধরেছেন এবং একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।
প্রেস সচিব আরও জানান, বর্তমানে দুটি বিষয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমত, ফ্যাসিবাদকে আর কখনোই ফিরে আসতে দেওয়া হবে না এবং দ্বিতীয়ত, বাংলাদেশ হবে সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভূমি।











