সাধন সাহা জয়

​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে স্থানীয় এলাকাবাসী ও নারীদের সহযোগিতায় ২৫ প্যাকেট গাঁজাসহ একটি প্রাইভেটকার ও দুই মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ ৩০ আগস্ট রোববার দুপুরে ফরদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় নেতাকর্মীরা জানতে পারেন ফরদাবাদ এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার করা হচ্ছে। এর ভিত্তিতে ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, ইউসুফ নাহিদ কনক, শ্রমিক দল নেতা আবু কালাম আজাদ পিন্টু, চঞ্চল চৌধুরী ও শহিদুল ইসলাম কালার নেতৃত্বে স্থানীয় জনগণ ও নারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করেন।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে কমলা ও হলুদ রঙের বস্তায় মোড়ানো ২৫ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গাড়িসহ দুজনকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশের এসআই কুদ্দুস ও মাসুদ রানা ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তিদ্বয়, প্রাইভেটকার ও মাদকদ্রব্য থানায় নিয়ে যান।

অভিযানের নেতৃত্বদানকারী ছাত্রদল নেতা রোমান আহমেদ বলেন, "আমাদের গ্রামকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার। মাদকের সাথে কোনো আপস নেই।"

​ইউসুফ নাহিদ কনক বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। এলাকার যুবসমাজকে ধ্বংস করতে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচার করছে। আজ এলাকার মা-বোন ও জনগণ এক হয়ে তাদের ধরে দিয়েছে।"

​শ্রমিক দল নেতা আবু কালাম আজাদ পিন্টু জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

​অভিযান চলাকালে স্থানীয় নারীরা জানান, তাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় তারা রাজপথে নেমেছেন এবং এলাকায় আর কোনো মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। এ সময় স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন, কবির হোসেন, মহসিন আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল পরীক্ষা করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সফল অভিযানের পর এলাকজুড়ে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।