রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ পরিস্থিতি, মোবাইল কোর্ট পরিচালনা, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্রাম আদালতের কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় মাদক নিয়ন্ত্রণের ওপর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, মাদক একটি জাতিকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। মাদকের কারণে চুরি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। পরিবার থেকেই মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অপরাধের তাৎক্ষণিক প্রতিরোধে প্রয়োজনীয় ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে ইউএনও বলেন, নারী ও শিশুর ওপর সহিংসতা একটি সভ্য সমাজের বড় কলঙ্ক। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তায় উপজেলা প্রশাসন পাশে থাকবে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বাল্যবিবাহের সঙ্গে জড়িত ঘটক, কাজী ও অভিভাবকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কন্যাসন্তানকে বোঝা না ভেবে শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে যৌতুকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, অসাধু সিন্ডিকেট, কৃত্রিম সংকট ও মজুতদারির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত বাজার তদারকি করা হবে।
গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে ইউএনও বলেন, স্বল্প সময়ে ও নামমাত্র খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির অন্যতম কার্যকর মাধ্যম গ্রাম আদালত। এর মাধ্যমে উচ্চ আদালতের ওপর মামলার চাপ কমানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আলামিন হক বিজয়, রাকিবুল ইসলাম রাকিব, সাইদুর রহমান মন্টু, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির আহ্বায়ক জার্জিশ হোসেন সোহেল, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মুর্তজাসহ অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনি, সিনিয়র সাংবাদিক আব্দুল খালেক, সাংবাদিক জুবায়ের তুহিন, হাসিবুল ইসলাম হাসিব ও খুরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভা শেষে ইউএনও উম্মে হাবিবা ফারজানা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদক, অপরাধ, বাল্যবিবাহ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান।















