জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি উল্লেখ করেন, সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব ধরনের পদক্ষেপ নেওয়া হলেও এর দৃশ্যমান সমাধান আসতে কিছুটা সময় লাগবে।
শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘বিনিয়োগ ছাড়া অর্থনীতির বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই। তাই দেশি ও বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি আরও জানান, প্রতিটি এনার্জি সেক্টরে অন্তত তিন মাসের রিজার্ভ নিশ্চিত করার একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এই লক্ষ্য অর্জনে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে।




















