দুর্নীতির গুরুতর অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক বাংলাদেশি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন্স লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী এবং তাদের দুই সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তৌহিদুল ইসলামের দুই পুত্র, আলভি আজফার চৌধুরী এবং জাভেদ অপগেনহাফেন। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের দাখিল করা আবেদনে উল্লেখ করা হয় যে, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ২ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং সেই অর্থ বিদেশে পাচারের গুরুতর অভিযোগ রয়েছে, যা বর্তমানে দুদকের অনুসন্ধানের অধীনে রয়েছে। সংস্থাটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তদন্ত এড়াতে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান এবং তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।
















