যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিমানটি উড্ডয়ন করতে না পারায় চরম ভোগান্তি ও চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন ১২৭ জন যাত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোর্ডিং পাস অনুযায়ী, বিজি৩৭২ নম্বর ফ্লাইটটির গন্তব্য ছিল ঢাকা। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বোর্ডিং প্রক্রিয়া শুরু করে বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। তবে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে চরম উৎকণ্ঠার সাথে অপেক্ষারত রয়েছেন যাত্রীরা।
আটকে পড়া এই বিপুল সংখ্যক যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে একটি বিকল্প বিমান পাঠিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, ‘একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে গ্রাউন্ডেড হয়েছে। আমরা যাত্রীদের দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে আরেকটি বিকল্প বিমান পাঠিয়েছি। বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে কাঠমান্ডু থেকে ফ্লাইটটি দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।’











