দেশের মোট ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের সংশোধিত আচরণবিধি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ—এই পাঁচটি প্রতিষ্ঠানের সংশোধিত আচরণবিধি চূড়ান্ত করার লক্ষ্যে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার নিবন্ধন কার্যক্রম গত ৩১ জুলাই পর্যন্ত চলেছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন বৃদ্ধি পেয়েছে। এর ফলে বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।

সচিব আখতার আহমেদ আরও জানান, ভোটার নিবন্ধনের এই তারিখ পরিবর্তন করা হলে তা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং সংশ্লিষ্ট তালিকাগুলো সম্পূরক তালিকা হিসেবে প্রকাশ করা হবে।