পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, পূর্ববর্তী আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সঠিক নীতি ও সুদূরপ্রসারী পরিকল্পনার অভাবে দেশের কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যের এক পর্যায়ে শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেন যে, নতুন সরকার গঠনের পর থেকেই কৃষি ও মৎস্য খাতের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার কৃষক, মৎস্যজীবী এবং সাধারণ মানুষের সামগ্রিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নত করতে এবং উৎপাদন বৃদ্ধিতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে, যা দীর্ঘমেয়াদে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই আলোচনা সভা শেষে মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু হয়।







