চাঁদা দাবি এবং মানহানির অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল 'ফেস দ্যা পিপল'-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
গত রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান এই মামলাটি দায়ের করেন। মামলার আবেদন পর্যালোচনার পর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং আদেশ অপেক্ষমাণ রাখেন। পরবর্তীতে ওইদিন বিকালেই আদালত পিবিআই-কে মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবী মো. আজাদ রহমান আদালতের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের অযুহাতে মাস্তুল ফাউন্ডেশনের দপ্তরে উপস্থিত হন। সেখানে তারা প্রতিষ্ঠানের পক্ষে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। শুধু তাই নয়, মাস্তুল ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনার অনুকূলে আসামিরা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, মাস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ আসামিদের এই অনৈতিক চাঁদা দাবি প্রত্যাখ্যান করায় তারা প্রতিষ্ঠানটিকে ভয়ভীতি দেখাতে শুরু করেন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের ভাবমূর্তি নষ্ট করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এজাহারে দাবি করা হয়েছে, এই মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদনের ফলে প্রতিষ্ঠানটির প্রায় ২০ কোটি টাকার মানহানি ঘটেছে।











