সারা দেশে নিয়মিত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মধ্যে চরম বিরক্তি ও ক্ষোভ বিরাজ করছে, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও স্পষ্ট। বিদ্যুৎ সংকটের এই নাজুক পরিস্থিতিতে এবার সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ওমর সানী। নিজের ফেসবুক পোস্টে তিনি ঢাকার বাইরের মানুষের ভোগান্তির কথা তুলে ধরে বিদ্যুৎমন্ত্রীকে এ বিষয়ে কোনো প্রকার ‘সাফাই’ না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ওমর সানী তার পোস্টে লিখেছেন, ‘কিছু মনে করবেন না আমাদের বিদ্যুৎমন্ত্রী, প্লিজ সাফাই গাইবেন না। ঢাকার বাইরে আমার অনেক যাওয়া হয়, আসলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিশেষ করে সাভার ও মানিকগঞ্জের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়।’ নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করে তিনি আরও বলেন, ‘ইচ্ছা করলে আরও দূরে যেতে পারি। এককথায় বলি, বিদ্যুৎ নিয়ে মানুষ আসলেই চরম অশান্তির মধ্যে রয়েছে।’ তবে নিজের বসবাসের এলাকার কথা উল্লেখ করে তিনি স্বীকার করেন, ‘আমি বসুন্ধরায় থাকি, তাই খুব একটা টের পাই না। কিন্তু বাইরে গেলে মন্ত্রী মহোদয় বুঝতে পারবেন মানুষ কী কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে।’ একই সঙ্গে তিনি তার পোস্টে লিখেছেন, ‘আমার প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দিকে তাকিয়ে আছি।’

এদিকে, লোডশেডিংয়ের ভয়াবহতা পরিসংখ্যানেও ফুটে উঠেছে। গত ২১ ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ৫৯২ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে ১১ আগস্ট দিবাগত রাত ১২টায়। ওই সময়ে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৭ হাজার ৫২৩ মেগাওয়াট, যার বিপরীতে সরবরাহ করা হয় মাত্র ১৩ হাজার ৯৩১ মেগাওয়াট। এর আগে রাত ৯টায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৮ হাজার ৪৩ মেগাওয়াটে পৌঁছায়। সেই সময়ে সরবরাহ ছিল ১৫ হাজার ৩৬ মেগাওয়াট এবং ঘাটতি ছিল ৩ হাজার ৭ মেগাওয়াট। রাত ১০টায় চাহিদা কমে ১৭ হাজার ৩২৪ মেগাওয়াট হলেও লোডশেডিং ছিল ২ হাজার ২১৫ মেগাওয়াট।