মোহাম্মদ সেলিম
উপজেলা প্রশাসন, ঈদগাঁও-এর উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., মঙ্গলবার "নাপিতখালি মাধ্যমিক বিদ্যালয়" প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মংচিংনু মারমা। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "আপনার আঙিনায় রোপণ করা একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন, পুষ্টি এবং অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দেবে।"
সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা গড়তে জনসচেতনতার ওপর জোর দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়— "আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং আমাদের এই নতুন উপজেলাকে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলি।"
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।















