মোহাম্মদ হোসাইন,
কক্সবাজারের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পালংখালীর ফারির বিল এলাকার ছগির আহমদের ছেলে রুবেল। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগামী ডাম্পার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী রুবেল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলের পেছনে থাকা আরমান নামের আরেক যুবক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই আকস্মিক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।