ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, তাকে কোনোভাবেই প্রকৃত ডকুমেন্টারি বলা যায় না। বুধবার (৫ আগস্ট) চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ডকুমেন্টারিটিতে অনেক ভুল রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো আবু সাঈদের ছবির অনুপস্থিতি। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি এবং প্রতীক। তার ছবি ছাড়া এই ডকুমেন্টারি পূর্ণতা পায়নি।’ তিনি আরও উল্লেখ করেন যে, উক্ত ডকুমেন্টারিতে খালেদা জিয়ার ছবিও অন্তর্ভুক্ত করা হয়নি। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মনে করেন, ক্ষমা চাওয়ার পর বিষয়টি নিয়ে শান্ত থাকা উচিত ছিল। সংসদের মতো ওয়াকআউট করাটা কোনোভাবেই বাঞ্চনীয় ছিল না।
তিনি আরও বলেন, ‘এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের কোনো ভুল হলে তা আপনারা সংশোধন করে দেবেন। তবে আমরা কখনোই আওয়ামী লীগের মতো হতে পারব না, কারণ তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।’ ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশে আসুন, রাজপথে দেখা হবে। ২৭ বছর বয়সে আমি মুক্তিযুদ্ধ করেছি, আর ৮২ বছর বয়সে বাংলাদেশের জন্য আবারও লড়াই করতে প্রস্তুত। আমি বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রের জন্য একটি স্থায়ী বন্দোবস্ত করে যাব।’








