মাফিকুল ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দিনাজপুরে জেলা পুলিশের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।