ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক তথা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে তা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজ আরও দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে যেসব বাধা রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়ে তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করতে বলেন। একই সঙ্গে প্রকল্পের কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকার যানজট সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বিদ্যমান পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
















