ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি নির্বাচনে মতের ভিন্নতা থাকলেও পারস্পরিক সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিস্তারিত পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমকে জানাই আন্তরিক স্বাগত ও অভিনন্দন।’ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতের ভিন্নতা থাকা স্বাভাবিক বলে মনে করেন তিনি। তবে সেই ভিন্নতার মাঝেও যেন সৌজন্য ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ বজায় থাকে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
রাজধানীর সার্বিক উন্নয়নের কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক—কে কতটা ভালো সেবা ও ইতিবাচক পরিবর্তন আনতে পারি।’ পোস্টের শেষে তিনি আবু সাদিক কায়েমের জন্য আন্তরিক শুভকামনা জানান।















