ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
ভুটান যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য ঢাকায় নেমেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই নেতা। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে। স্বল্প সময়ের এই অবস্থান উপলক্ষে আগাম প্রস্তুতি সেরে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ফেডারেশনের কর্মকর্তারা। এ সময় বাংলাদেশের ফুটবলের অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।

















