দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ইন্টারপোল মেইলের মাধ্যমে বিষয়টি দুদককে নিশ্চিত করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। এর আগে, ২০২৫ সালের ১১ নভেম্বর আদালত দুর্নীতির মামলায় তার দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন। একই বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ওই বছরের জুলাই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করা হয়।
জানা গেছে, ১৯৮৪ সালে শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

















