সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সমকামিতার অভিযোগে রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য রকি ইসলাম আখাউড়া রেলওয়ে স্টেশনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালে ফেসবুকে ছাব্বির নামের এক যুবকের সঙ্গে কনস্টেবল রকি ইসলামের পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তিনি আখাউড়া থেকে ঢাকার উত্তরার এলাকায় দেখা করতে আসেন। অভিযোগকারীর দাবি, পরবর্তীতে বিভিন্ন সময়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কের ঘটনা ঘটে। তবে পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটলে বিষয়টি প্রকাশ না করার জন্য রকি ইসলাম তাকে চাপ প্রদান করেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার প্রেক্ষিতে কনস্টেবল রকি ইসলাম শারীরিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। তবে একটি গণমাধ্যমে দেওয়া অডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাকে ব্ল্যাকমেইল করে ওই সম্পর্কে বাধ্য করা হয়েছিল। উল্লেখ্য, সংবাদ প্রকাশের আগে উক্ত সাক্ষাৎকারে চাকরির সমস্যা হতে পারে বলে আশঙ্কা করে তিনি তৎকালীন ‘বাংলাদেশের খবর’-এর প্রতিবেদক আরিফ শেখকে সংবাদটি প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলেন।
২০২৫ সালের ২৫ অক্টোবর ডিজিটাল মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার প্রায় এক মাস পর, ২৩ নভেম্বর ২০২৫ তারিখে সিলেট রেলওয়ে জেলা পুলিশ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে। বর্তমানে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছ থেকে লিখিত বক্তব্যও গ্রহণ করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজা বাংলাপোস্টকে বলেন, সংবাদ প্রকাশিত হওয়ার পর কনস্টেবল রকি ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
















