পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কদমতলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মা সমাবেশ ও সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) পিরোজপুর সদরের পশ্চিম কদমতলা শেখবাড়িতে এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভারী বৃষ্টির কারণে সমাবেশটি শেখবাড়ির বাসিন্দা সেকেন্দার আলী শেখের নিজ গৃহে সম্পন্ন করা হয়।
জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এবং কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ইউনিসেফ, বরিশাল।
সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং নিজ নিজ গৃহ ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত মায়েরা ডেঙ্গু প্রতিরোধে তাঁদের ঘরোয়া অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। আয়োজকরা জানান, স্থানীয় মায়েদের এই সচেতনতা ও পরামর্শ পরিচ্ছন্নতা অভিযানকে আরও ফলপ্রসূ করতে কার্যকর ভূমিকা রাখবে।
কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্-এর সভাপতিত্বে ও মা সমাবেশের সভানেত্রী আম্বিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাজিদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার এবং নারী বিষয়ক সম্পাদক মনিরা আক্তার।
অনুষ্ঠান শেষে স্থান দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী শেখের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। আয়োজকরা ‘রাখুন চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।








