টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১ লাখ ৫৯ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
রোববার (৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল ৬টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালীর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজি রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






