ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।
ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, পোস্টার ছেঁড়া এবং পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে গড়ে ওঠা চাঁদাবাজির কারণে ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালনে বাধার মুখে পড়ছে। তারা ভালো করেই জানে ছাত্রশিবির কোনো চাঁদাবাজি বা অনিয়ম মেনে নেবে না, তাই তারা শিবিরকে বাধা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের সমর্থন করে না, এ বিষয়ে ছাত্রদল নিজেরাই পুরোপুরি সচেতন বলেও দাবি করেন তিনি।
ফলে পরাজয়ের শঙ্কায় তারা নির্বাচন এড়িয়ে যাচ্ছে। এ সময় সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে দ্রুত ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানান ডাকসু জিএস। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চার পথ সুগম করতে হবে।





















