কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার নামে এক নেতা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে তিনি উপজেলা কমিটিতে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্যসচিব সৈয়দ আহসান টিটুর অনুমোদনক্রমে চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে মামুন মজুমদারকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়।
কমিটি প্রকাশের পরপরই তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের কথা জানান। ফেসবুক পোস্টে মামুন মজুমদার লেখেন, বরাবরই রাজনৈতিকভাবে সচেতন থাকলেও তিনি প্রকাশ্য রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং জাতীয় নাগরিক পার্টি গঠন পর্যন্ত দেশের সংকটময় সময়ে দায়বদ্ধতার জায়গা থেকে দলটির বিভিন্ন কর্মসূচিতে সচেতনভাবে অংশ নিয়েছেন। তিনি আরও লেখেন, ব্যক্তিগত কারণে অনেক আগেই নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জেলা এনসিপি চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদনের পর সেখানে নিজের নাম দেখতে পান, যা তার নিজস্ব মতামতের ভিত্তিতে হয়নি। এ কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি উপজেলা কমিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং উপজেলা এনসিপিতে দায়িত্ব পাওয়া আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি শুভকামনা জানান। এ বিষয়ে মামুন মজুমদার বলেন, কমিটি ঘোষণার আগেই তিনি সংশ্লিষ্টদের জানিয়েছিলেন যে কমিটিতে থাকবেন না। এরপরও ভুলবশত তাকে উপজেলা আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। সে কারণেই ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। তবে জেলা কমিটির সদস্য হিসেবে থাকবেন বলেও জানান তিনি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু জানান, মামুন মজুমদার লিখিত কোনো পদত্যাগপত্র জমা দেননি। তবে ফেসবুকে তার পদত্যাগের পোস্টটি তারা দেখেছেন। এরই মধ্যে উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে। সৈয়দ আহসান টিটু আরও বলেন, তাদের ধারণা কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণেই মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন।





















