জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এবং এ আন্দোলনের বীর শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসব্যাপী এই কর্মসূচির প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার রাত ১১টায় জাতীয় শহীদ মিনারে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে বিশেষ আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
ছাত্রদলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকল অংশীজনের অবদানের স্বীকৃতি প্রদান এবং জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখতেই এই মাসব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের কার্যক্রমের পাশাপাশি পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি ছাত্রদল ইউনিটেও এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হবে।











