লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের প্রার্থিতার বিষয়ে জানতে চাওয়া হলে ফজলুর রহমান অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, ‘অলি আহমদ সাহেবের মতো লোক যদি মানসিকভাবে অসুস্থ না হতেন, তবে জেনেশুনে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেন না, যার জয়ী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।’

প্রার্থিতার অসারতা এবং গাণিতিক বাস্তবতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের জোটের সর্বোচ্চ ভোট হতে পারে ৭৫ বা ৭৬টি, অথচ জয়ের জন্য প্রয়োজন অন্তত ২২৫টি ভোট। এই চরম বাস্তবতায় এমন একটি সিদ্ধান্ত নেওয়াকে বুড়ো বয়সের ভীমরতি ছাড়া অন্য কিছু বলা চলে না।’

কর্নেল (অব.) অলি আহমেদের রাজনৈতিক অবস্থান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘রাজনীতিতে কিছু বেইমান ও পক্ষ পরিবর্তনকারী মানুষ সব সময় থাকে। বর্তমানে আমি অলি আহমদ সাহেবকেও সেই একই অবস্থানে দেখি। এর চেয়ে বেশি অপমান করে আমি আর কিছু বলতে চাই না। এখন থেকে তাকে আমি আর মুক্তিযুদ্ধের কোনো যোদ্ধা বলেও মনে করি না।’