ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিকস প্রসঙ্গে স্পিকার জানান, বাংলাদেশ বর্তমানে এই জোটের সদস্য নয় এবং অংশীদার হওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগদানের বিষয়ে সরকারের নির্দিষ্ট কোনো নীতি এখনও স্পষ্টভাবে নির্ধারিত হয়নি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অভ্যন্তরে একটি নেতিবাচক ধারণা বা রিজার্ভেশন তৈরি হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন যে, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখারই প্রত্যাশা। তবে এই সম্পর্কের ভিত্তি হতে হবে সমমর্যাদা এবং পারস্পরিক সম্মানের।
রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে স্পিকার বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সরকার ও বিরোধী দলগুলো যদি সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারে, তবে জাতীয় সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এতে দেশের সাধারণ মানুষ দীর্ঘদিনের বঞ্চনা ও দুঃশাসনের অন্ধকার থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।















