জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকায় এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জেলা জজ আদালতের আইনজীবী কামরুল হাসান মনিরের চেম্বারে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, উক্ত চেম্বারটি তল্লাশি করে দুটি পাইপগান, পাইপগানের গুলি, চারটি ৯ এমএম পিস্তলের গুলি, ছয়টি ককটেল, ছয়টি পেট্রোলবোমা এবং ছয়টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব সামগ্রী বর্তমানে থানায় জমা রাখা হয়েছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, অত্যন্ত গুরুত্বের সাথে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে এবং এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রীর উৎস, প্রকৃত মালিকানা এবং এই চক্রের সাথে আর কারা জড়িত, তা তদন্ত শেষ করে বিস্তারিতভাবে জানানো হবে।
তদন্তাধীন অভিযুক্ত আইনজীবী কামরুল হাসান মনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বলে জানা গেছে।











