আলমগীর কবীর হৃদয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘বগুড়া সাহিত্য উৎসব-২০২৬’। ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার ও শনিবার বর্ণাঢ্য এ আয়োজনে দেশের ৫৭টি জেলা থেকে আগত প্রায় ৩০০ জন কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, আবৃত্তিশিল্পী ও ঔপন্যাসিক অংশগ্রহণ করেন।

২৮ আগস্ট শুক্রবার সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।

বগুড়া সাহিত্য উৎসব-২০২৬-এর আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। তিনি আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করেন। জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক সোহাগ সাদেক যথাক্রমে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবি আড্ডা এবং ‘তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা। এ সময় জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ ‘কাঠপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়।

বগুড়া সাহিত্য উৎসবের সদস্য সচিব এইচ. আলিম বলেন, “আমাদের এই সাহিত্য উৎসবের লক্ষ্য হচ্ছে তরুণ ও নবাগত কবিদের লেখালেখিতে উৎসাহিত করা। তারা লেখার মাধ্যমে সর্বত্র মানবিকতার আলো ছড়িয়ে দেবে। এই মানবিক চেতনা ছড়িয়ে পড়লে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ এবং কবি ও শিক্ষাবিদ খৈয়াম কাদের।

আলোচনায় আরও অংশ নেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মনজু খন্দকার, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন খান এবং সমন্বয়ক কবি লিপি আক্তার।

সমাপনী আয়োজন

প্রথম দিনের অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। এরপর দ্বিতীয় দিন ২৯ আগস্ট শনিবার সকাল ৯টায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাহিত্য সফর।

সাহিত্য সফরের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসভবন পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা। পরে তাঁরা মম ইন ইকো পার্ক পরিদর্শন করেন। বিকেলে বগুড়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যটনকেন্দ্র মহাস্থানগড় পরিদর্শন করেন কবি-সাহিত্যিকরা।

সফর শেষে বিকেল ৫টার দিকে বগুড়ায় ফিরে আসেন অংশগ্রহণকারীরা। এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী বগুড়া সাহিত্য উৎসব-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য হোমিও, ঢাকার অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ, কবি ও শিক্ষাবিদ খৈয়াম কাদের, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মনজু খন্দকার, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন খান, সমন্বয়ক কবি লিপি আক্তার এবং নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক, বগুড়ার পরিচালক আমিনুর রহমানসহ অন্যান্য অতিথি।

দুই দিনব্যাপী এ সাহিত্য উৎসব দেশের বিভিন্ন প্রান্তের কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়। পাশাপাশি তরুণ ও নবীন লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করার মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।