ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার এক গভীর চোরাবালিতে আটকে পড়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি মনে করেন, বর্তমান সরকার যত বেশি নড়াচড়া করার চেষ্টা করছে, ততই তারা আরও গভীরে তলিয়ে যাচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে চট্টগ্রামের লালদিঘি ময়দানে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের এক পর্যায়ে সারজিস আলম তারেক রহমানের সাম্প্রতিক অভিযোগের কড়া জবাব দেন। তিনি উল্লেখ করেন, শনিবার বিকেলে তারেক রহমান দাবি করেছেন যে বাংলাদেশে নতুন করে একটি দল ও কিছু মানুষ অরাজকতা সৃষ্টি করছে এবং প্রচলিত আইনের মাধ্যমে তা মোকাবিলা করা হবে। এর প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, "আমরা কোনো অরাজকতা শুরু করিনি। বরং গত ছয় মাসে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাট, চাঁদাবাজি এবং দখলদারির মাধ্যমে আপনারা নিজেরাই অরাজকতা শুরু করেছেন।"
গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সারজিস আলম সতর্ক করে বলেন, যারা বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন এবং আইনের অপব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের দমন করার চেষ্টা করেছে, তাদের করুণ পরিণতি থেকে বর্তমান ক্ষমতাসীনদের শিক্ষা নেওয়া উচিত। তিনি আরও মন্তব্য করেন যে, নিজেদের ব্যর্থতা ও সৃষ্ট অরাজকতা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে বিরোধীদের ওপর দায় চাপানোর পুরনো রাজনীতি এখন আর বাংলাদেশের সাধারণ মানুষ গ্রহণ করবে না।
বিএনপির আন্দোলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বিরোধী দলে থাকাকালীন বিএনপি ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাক দিয়েছিল, কিন্তু বাস্তবে তারা একটি বালুর ট্রাক সরানোর ক্ষমতাও দেখেনি। তার ভাষায়, যে দল আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং সরকার ও বিরোধী দল—উভয় অবস্থানেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের কাছ থেকে নসিহত নেওয়ার কোনো প্রয়োজন নেই।
সারজিস আলম আরও বলেন, ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যে বিএনপির সরকার এমন চোরাবালিতে পড়ে গেছে যে, এখন তাদের প্রতিটি পদক্ষেপ তাদের আরও গভীরে তলিয়ে দিচ্ছে। তিনি বর্তমান সরকারকে নিজেদের অভ্যন্তরীণ ভুলগুলো সংশোধন করতে এবং ছাত্রদল ও যুবদলকে ঠিক করার পরামর্শ দেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এমন এক যুগে প্রবেশ করেছে, যেখানে মহিষকে ঘাস খাওয়ানোর জন্যও চাঁদা দিতে হয়। এর চেয়ে চরম নির্লজ্জতার আর কিছু হতে পারে না।’



















