মাফিকুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বাংলাদেশে প্রবেশ করতে না দিয়ে ভারতের দিকে ফিরিয়ে দিয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমান্ত পিলারের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকে শূন্যরেখার কাছে বিজিবি, বিএসএফ ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, ২৯১/২০ এস সীমান্ত পিলারের পাশে ভারতের অভ্যন্তরে একটি বাঁশঝাড়ের নিচে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ৯ নারী অবস্থান করছেন। তারা নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করেন। তাদের ভাষ্য অনুযায়ী, তাদের বাড়ি গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায়। তাদের কাছে নিজেদের ও তাদের বাবা-মায়ের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে বলেও দাবি করেন।
ওই নারীরা আরও জানান, দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। ফলে তারা ভারতের দিকেই অবস্থান করতে বাধ্য হন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

















