দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে একটি মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তিনটি ভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ পর্যালোচনার পর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটটিকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, এই মহাসড়ক নির্মিত হলে ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটবে। একইসঙ্গে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

উক্ত সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।