জুলাই বিপ্লবের পর এখন অনেকেই নিজেদের 'জুলাই যোদ্ধা' হিসেবে জাহির করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তথ্য ভবনে জুলাই শহীদ দিবস স্মরণে আয়োজিত একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, যারা সুযোগ বুঝে ভোল পাল্টেছেন, তারা বর্তমানে আরও বেশি অপকর্মে লিপ্ত হয়ে পড়েছেন। তিনি আক্ষেপ করে জানান, নতুন সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজের বাস্তবতায় কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি; আগের মতোই ঘুষ ও দুর্নীতির সংস্কৃতি অব্যাহত রয়েছে। তার মতে, প্রকৃত পরিবর্তনের চেষ্টা করছেন কেবল তারেক রহমান, আর এই প্রক্রিয়ায় তাকে সকলের সহযোগিতা করা প্রয়োজন।
দেশের স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের জীবনমানের কোনো উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়াকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ক্ষমতায় গেলেই শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষমতা আঁকড়ে ধরার এক বিশেষ রসায়ন কাজ করে। এই অসুস্থ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যেই তরুণরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছেন। জুলাইয়ের সেই ত্যাগ ও চেতনা ধারণ করে পরিবর্তন আনার চেষ্টা না করলে এই রক্ত বৃথা যাবে। বিএনপি এই সমাজকাঠামো বদলে দিতে বদ্ধপরিকর।
অন্যদিকে, জুলাই আন্দোলনকে পুঁজি করে যেন কেউ ব্যবসায়িক মুনাফা অর্জন করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।











