মোঃ ইমরান আকন্দ

জামালপুরের বকশীগঞ্জে  মাদক সেবনের দায়ে নূর হোসেন  (৩০)  নামে এক যুবক কে  ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিবাগত  রাত সোয়া ১২ টার  দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ঝালরচর পশ্চিম পাড়া অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। 

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

জানা যায়,মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঝালরচর পশ্চিম পাড়া এলাকায় এক যুবক মাদক সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় নূর হোসেনকে আটক করা হয়।

আটককৃত নূর হোসেন বকশীগঞ্জ পৌরসভার ঝালরচর পশ্চিম পাড়া এলাকার মৃত ঘুটু শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার উপ- পরিদর্শক (এসআই) জুলহাসসহ সঙ্গীয় ফোর্স।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।