জিহাদ হোসেন
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান ও অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ কয়েকজনকে গ্রেপ্তার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের বিশারীকান্দি এলাকায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জুয়েল হাওলাদার, ফারুক মোল্লা ও জাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে হানজেলা খানের কাছ থেকে ২০ পিস ইয়াবা, মাসুদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, মোহাম্মদ লালচান মোল্লার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া লাভলু শিকদারের কাছ থেকে ১০ গ্রাম এবং বাচ্চু মুন্সীর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা রাখার দায়ে মাসুদ খানকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে সর্বমোট ৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক ও অবৈধ মাটি-বালু উত্তোলনের ঘটনায় মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

















