মোঃ আসিফ ইসলাম সাইফ: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭০০ জন কৃষককে কৃষি উপকরণ প্রদান করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রতিজন কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়েস চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে সরকার এ বিশেষ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত জাতের বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে কৃষকেরা অধিক ফলন পাবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, প্রত্যন্ত এলাকার প্রকৃত কৃষকদের কাছে এ প্রণোদনা পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে উপজেলার খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষি খাত আরও শক্তিশালী হবে।






