দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের কোনো নেতিবাচক কর্মকাণ্ড চালানোর সক্ষমতা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, 'আওয়ামী লীগের কাছে অর্থ থাকতে পারে, তবে এই দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো সক্ষমতা তাদের নেই। তারা ভারত থেকে যা করার চেষ্টা করছে, তা সফল হবে না। এমনকি শেখ হাসিনা আগে যেসব নির্দেশনা দিয়েছিলেন, সেগুলোও কার্যকর হয়নি।' যারা এখনো আওয়ামী লীগের হয়ে মিছিল বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে চাইছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকের জীবন অত্যন্ত মূল্যবান, তাই রাষ্ট্রের প্রচলিত আইন ভাঙার চেষ্টা করা উচিত নয়।

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, বর্তমানে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, দল হিসেবে নয়। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। আদালতের রায়ে যদি দেখা যায় যে তারা নিষিদ্ধ হওয়ার যোগ্য নয়, তবে তারা পুনরায় তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।

অন্যদিকে, সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন জাহেদ উর রহমান। তিনি জানান, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে ওই হামলার পরিপ্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, একটি দলের প্রধান হিসেবে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার কথা ছিল নাহিদ ইসলামের, কিন্তু তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। সরকারের সংশ্লিষ্টতার যে দাবি তিনি করেছেন, তার কোনো ভিত্তি নেই এবং তা সঠিক নয়।

জুলাই বিপ্লব নিয়ে কিছু মানুষের কটূক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে একে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না। তবে বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া তিনি ঘোষণা করেন, আগামী ৫ আগস্ট 'জুলাই জাদুঘর' খুলে দেওয়া হবে। সবশেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি জানান, চলতি বছরের অক্টোবর মাস থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে আগামী বছরের অক্টোবর নাগাদ শেষ হবে।