যুক্তরাষ্ট্রের আলাস্কায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আটজন আরোহীর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, চার্টার বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউনহ্যামের উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছাতেই বিমানটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসনের দেওয়া তথ্য অনুযায়ী, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত এই চার্টার ফ্লাইটে দুজন পাইলট এবং ছয়জন যাত্রী ছিলেন। আলাস্কান কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি ছিল একটি বেসামরিক ঠিকাদারের পরিচালিত ফ্লাইট, যাতে মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিশ্চিত করে যে, এই ভয়াবহ দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।

কমান্ডের দেওয়া বিবৃতি অনুযায়ী, বিমানটি কেপ নিউনহ্যাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবন্দরটি মূলত একটি বিমানবাহিনীর রানওয়ে হিসেবে ব্যবহৃত হয় এবং এখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের সুযোগ রয়েছে। এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। (সূত্র: সিএনএন)