লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধ সার মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করেছে প্রশাসন।
সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় মজুদকৃত সারের কাগজপত্র ও মান যাচাই-বাছাই করার পর নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

















